বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা ব্যতিক্রম

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরের একটি মসজিদ। হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ আলোচনায় এসেছে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ব্যতিক্রমী এক সামাজিক উদ্যোগের কারণে।
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের পাশাপাশি এই মসজিদে চালু করা হয়েছে প্রবীণ পুরুষদের জন্য পিলাটিস ক্লাস। টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ভিডিও ইতিমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইতিবাচক মন্তব্যে মসজিদ কর্তৃপক্ষ অভিভূত। অনেকেই বলছেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে সামাজিক সুস্থতার কেন্দ্র হতে পারে, ব্র্যাডফোর্ডের এই উদ্যোগ তার উজ্জ্বল উদাহরণ।
মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস বিবিসিকে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবীণ পুরুষদের একাকিত্ব দূর করা। তাঁর ভাষায়, মসজিদ কেবল নামাজের জায়গা নয়, এটিকে একটি কমিউনিটি হাবে রূপান্তর করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ। অনেক বয়স্ক মানুষ সারাদিন ঘরে একা থাকেন, এখানে এসে তাঁরা শরীরচর্চার পাশাপাশি কথা বলার সুযোগ পাচ্ছেন।
প্রতি বৃহস্পতিবার আয়োজিত এই পিলাটিস ক্লাসে অংশগ্রহণকারীদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। প্রশিক্ষক জারা কায়ানি জানান, প্রবীণদের জন্য উপযোগী এমন শরীরচর্চার সুযোগ খুবই সীমিত। পিলাটিস তাঁদের পেশির নমনীয়তা বাড়ায়, পিঠের ব্যথা কমায় এবং ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।
তিনি বলেন, এটি শুধু শরীরচর্চা নয়, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তির জায়গাও হয়ে উঠেছে। অংশগ্রহণকারীরা এখানে এসে হাসাহাসি করেন, আনন্দ ভাগাভাগি করেন, যা মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখছে।
এই ক্লাসের নিয়মিত অংশগ্রহণকারী ৬২ বছর বয়সী আবিদ খান বলেন, হার্ট ট্রান্সপ্লান্টের পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই ক্লাস তাঁকে নতুন করে জীবন ফিরে পেতে সাহায্য করেছে।
আরেক অংশগ্রহণকারী ৬০ বছর বয়সী হাবিব রেহমান জানান, দীর্ঘদিনের সায়াটিকা ও কোমরব্যথা থেকে তিনি অনেকটাই স্বস্তি পেয়েছেন। তাঁর মতে, ক্লাস শেষে সবার সঙ্গে চা আর ফল নিয়ে আড্ডা তাঁদের জীবনে নতুন আনন্দ যোগ করেছে।
শুরুর দিকে মাত্র সাতজন নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে এখন অংশ নিচ্ছেন ২৫ জনের বেশি। জায়গার সংকটে আপাতত নতুন ভর্তি বন্ধ রাখা হয়েছে। তবে মসজিদের পাশেই নতুন ভবন নির্মাণের কাজ চলায় ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা শরীরচর্চা সেশন চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অনেকের মতে, ব্র্যাডফোর্ডের এই মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে ধর্ম, স্বাস্থ্য ও সামাজিক বন্ধন একসঙ্গে এগিয়ে যাচ্ছে।
সোর্স: বিবিসি
Comments
Post a Comment